পাণ্ডুপুত্রগণের জন্ম ও পান্ডুর স্বর্গলাভ

পাণ্ডুপুত্রগণের জন্ম ও পান্ডুর স্বর্গলাভ

বৈশম্পায়ন বলিলেন একদিন মহারাজ পাণ্ডু মৃগয়াভিলাষে অরণ্যমধ্যে বিচরণ করিতে করিতে একটি মৃগমিথুনকে শরবিদ্ধ করেন। সেই মৃগটি একজন ছদ্মবেশী মুনি ছিলেন। তিনি পাণ্ডুকে অভিশাপ দিলেন-অকালে তোমারও মৃত্যু হইবে। শাপগ্রস্ত পাণ্ডু দুঃখিত হইয়া কুন্তী ও মাদ্রী দুই রাণীর সহিত সংসার ত্যাগ করিয়া বনবাসী হইলেন এবং শতশৃঙ্গ পৰ্ব্বতে গমন করিয়া মুনিগণের সহিত তপস্যা করিতে লাগিলেন। সেখানে পাণ্ডুর অনুরোধে কুন্তী সন্তান-লাভার্থে দুর্ব্বাসা মুনি প্রদত্ত মন্ত্রে বিভিন্ন দেবতাকে আহ্বান করেন। তাহাতে কুন্তী ধৰ্ম্মদেবতার বরে ধার্মিকশ্রেষ্ঠ যুধিষ্ঠিরকে, বায়ুদেবতার বরে মহাবল ভীমকে এবং দেবরাজ ইন্দ্রের বরে মহাবীর অর্জুনকে পুত্ররূপে লাভ করেন। পরে পান্ডুর অনুরোধে কুন্তী মাদ্রীকেও সেই মন্ত্র একবার দান করেন। তাহাতে মাদ্রী অশ্বিনী কুমারদ্বয়ের বরে নকুল ও সহদেব নামে দুই যমজ পুত্র লাভ করেন।

পাণ্ডুপুত্রগণ প্রত্যেকে এক এক বৎসর পর পর জন্মগ্রহণ করেন। কেবলমাত্র নকুল ও সহদেব যমজ ভ্রাতা ছিলেন। দেবতার প্রসাদে লব্ধ পাণ্ডুর এই পঞ্চপুত্র কালক্রমে চন্দ্রের ন্যায় প্রিয়দর্শন, সিংহের ন্যায় বলশালী এবং দেবতার ন্যায় তেজস্বী ও মহাধার্মিক হইলেন। তাঁহারা ক্রমে ক্রমে শতশৃঙ্গবাসী মুনিগণের সাতিশয় প্রিয়পাত্র হইয়া উঠিলেন। জ্যেষ্ঠপুত্র যুধিষ্ঠিরের বয়স যখন ষোড়শ বৎসর, সেই সময় মহারাজ পাণ্ডু দেহত্যাগ করেন। মাদ্রী তাঁহার দুই পুত্রের ভার কুম্ভীর উপর অর্পণ করিয়া পাণ্ডুর সহিত সহগমন করিলেন।
Post a Comment (0)
Previous Post Next Post