ভীষ্মের সত্যনিষ্ঠা ও ধৃতরাষ্ট্র-পাণ্ডু-বিদুরের জন্ম
পুত্রশোকার্তা মাতা সত্যবতী পুত্রবধূদিগকে সান্ত্বনা দিয়া ভীষ্মকে বলিলেন মহাভাগ, মহারাজ শান্তনুর পিণ্ডকার্য্য, কীর্তি ও বংশরক্ষার দায়িত্ব এখন তোমার উপর। তুমি ধর্ম্মের তত্ত্ব ও কুলাচার সমস্তই অবগত আছ। আমি অনুমতি দিতেছি-দুই ভ্রাতৃবধূর গর্ভে তুমি সন্তান উৎপাদন কর অথবা স্বয়ং রাজ্যে অভিষিক্ত হও এবং বিবাহাদি করিয়া পিতার বংশ রক্ষা কর।
ধর্মাত্মা ভীষ্ম মাতার এইরূপ অনুরোধবাক্য শ্রবণ করিয়া ধীর গম্ভীর স্বরে উত্তর প্রদান করিলেন-মাতঃ, আপনি ধর্মোপদেশ প্রদান করিয়াছেন সত্য; কিন্তু দার-পরিগ্রহ, সন্তানোৎপাদন ও রাজত্ব করিবার বিষয়ে আমি পূর্ব্বে যে প্রতিজ্ঞা করিয়াছি, তাহা আপনি সমস্তই অবগত আছেন। তথাপি পুনর্ব্বার সত্য প্রতিজ্ঞা করিয়া বলিতেছি-
পরিত্যজেয়ং ত্রৈলোক্যং রাজ্যং দেবেষু বা পুনঃ।
যদ্বাপ্যধিকমেতাভ্যাং ন তু সত্যং কথঞ্চন।।
ত্যজেচ্চ পৃথিবী গন্ধমাপশ্চ রসমাত্মনঃ।
জ্যোতিস্তথা ত্যজেদ্রূপং বায়ুঃ স্পর্শগুণং ত্যজেৎ।।
প্রভাং সমুৎসৃজেদর্কো ধূমকেতু-স্তথোষ্ণতাম্। ত্যজেচ্ছব্দং তথাকাশং সোমঃ শীতাংশুতাং ত্যজেৎ।।
বিক্রমং বৃত্রহা জহ্যাৎ ধর্মং জহ্যাচ্চ ধর্ম্মরাট্।
ন ত্বহং সত্যমুৎস্রষ্টং ব্যবস্যেয়ং কথঞ্চন।।
-আদিপর্ব্ব, ৯৭/১৬-১৯
মাতঃ আমি ত্রিভুবন পরিত্যাগ করিতে পারি, কিংবা দেবগণের রাজত্বও পরিত্যাগ করিতে পারি অথবা ইহা অপেক্ষাও অধিক যদি কিছু থাকে, তাহাও পরিত্যাগ করিতে পারি; কিন্তু কদাচ সত্য পরিত্যাগ করিতে পারিব না।
পৃথিবী যদি গন্ধ পরিত্যাগ করে, জল যদি আপন রস পরিত্যাগ করে, জ্যোতি যদি নিজের রূপ পরিত্যাগ করে, বায়ু যদি স্পর্শগুণ পরিত্যাগ করে; সূর্য্য যদি আলোক ত্যাগ করেন, অগ্নি যদি উষ্ণতা ত্যাগ করেন, আকাশ যদি শব্দ ত্যাগ করে, চন্দ্র যদি স্বীয় সৌন্দর্য্য পরিত্যাগ করেন; ইন্দ্র যদি পরাক্রম পরিত্যাগ করেন এবং ধর্মরাজও যদি ধর্ম পরিত্যাগ করেন-তথাপি আমি কোন প্রকারেই সত্য পরিত্যাগ করিতে পারিব না।
মহামতি ভীষ্মের এইরূপ ভীষণ প্রতিজ্ঞা শ্রবণ করিয়া মাতা সত্যবতী বলিলেন-হে সত্যপরাক্রম, সত্যের প্রতি তোমার যে অবিচলিত নিষ্ঠা ও ভক্তি আছে তাহা আমি অবগত আছি। কিন্তু এখন আপদ্ধৰ্ম্ম লক্ষ্য করিয়া তোমার পিতার বংশপরম্পরা যাহাতে রক্ষা হয় এবং রাজ্যেরও সুরক্ষা হয়, তাহার উপযুক্ত ব্যবস্থা অবলম্বন কর।
তখন মাতার সহিত পরামর্শ করিয়া ধর্মাত্মা ভীষ্ম ভগবান্ ব্যাসদেবকে আহ্বান করিতে বলিলেন। মাতা সত্যবতীর স্মরণমাত্র ব্যাসদেব আবির্ভূত হইলেন এবং তাঁহার অনুরোধে বংশরক্ষা করিতে সম্মত হইলেন। অতঃপর ভগবান ব্যাসদেবের আশীর্ব্বাদে মহারাণী অম্বিকার গর্ভে ধৃতরাষ্ট্র, অম্বালিকার গর্ভে পাণ্ডু এবং অম্বিকার দাসীর গর্ভে বিদুর জন্মগ্রহণ করিলেন। মাতৃদোষে ধৃতরাষ্ট্র জন্মান্ধ হইয়া জন্মগ্রহণ করেন। মহাত্মা ভীষ্ম, ধৃতরাষ্ট্র, পাণ্ডু ও বিদুরকে পুত্রবৎ পালন করিতে লাগিলেন। ক্রমে বয়ঃপ্রাপ্ত হইলে ধৃতরাষ্ট্র অসাধারণ বলবান, পাণ্ডু পরাক্রান্ত ধনুর্দ্ধর এবং বিদুর পরম ধর্মপরায়ণ হইলেন। ধৃতরাষ্ট্র জন্মান্ধ, বিদুর শূদ্রার গর্ভজাত, এই কারণে পাণ্ডুই রাজপদে অভিষিক্ত হইলেন।