চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য্য-কাশীরাজের তিন কন্যা
যথাকালে সত্যবতীর গর্ভে মহারাজ শান্তনুর দুইটি পুত্র জন্মগ্রহণ করে চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য্য। কনিষ্ঠ পুত্র বিচিত্রবীর্য্য যৌবনলাভ করিবার পূর্ব্বেই মহারাজ শান্তনু স্বর্গারোহণ করিলেন। তখন মহামতি ভীষ্ম মাতা সত্যবতীর অনুমতি লইয়া চিত্রাঙ্গদকে রাজপদে অভিষিক্ত করিলেন। তিনি স্বীয় বাহুবলে বহু দেশ জয় করিলেন। পরে গন্ধর্বরাজ চিত্রাঙ্গদের সহিত তাঁহার কুরুক্ষেত্রে সরস্বতী নদী তীরে ঘোরতর সংগ্রাম হয়। সেই যুদ্ধে কুরুরাজ চিত্রাঙ্গদ নিহত হন। তখন ভীষ্ম অপ্রাপ্তযৌবন বিচিত্রবীর্য্যকে রাজ্যে অভিষিক্ত করেন।
বিচিত্রবীর্য্য প্রাপ্তবয়স্ক হইলে ভীষ্ম তাঁহার বিবাহ দিবার মনস্থ করিলেন। সেইসময় কাশীরাজের তিন কন্যার স্বয়ংবর হইতেছিল। ভীষ্ম মাতার অনুমতি লইয়া অম্বা, অম্বিকা ও অম্বালিকা নামে কাশীরাজের তিন কন্যাকে ক্ষত্রিয় বিধিমতে বলপূর্ব্বক অপহরণ করিয়া আনয়ন করিলেন। তখন জ্যৈষ্ঠা কন্যা অম্বা শাল্বরাজকে বরণ করিবার অভিপ্রায় জানাইলে ভীষ্ম বৃদ্ধ ব্রাহ্মণ দ্বারা তাহাকে শাল্বরাজের নিকট প্রেরণ করেন এবং অপর দুই কন্যা অম্বিকা ও অম্বালিকার সহিত বিচিত্রবীর্য্যের বিবাহ দিলেন। কিন্তু মাত্র সাত বৎসর পরেই বিচিত্রবীর্য্য অপুত্রক অবস্থায় পরলোক গমন করেন।
মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বিরচিত মহাভারত