আরুণি, উপমন্যু ও বেদ
আয়োদ-ধৌম্য নামে একজন ঋষি ছিলেন। তাঁহার তিনটি শিষ্য ছিল আরুণি, উপমন্যু ও বেদ। একদা গুরুদেব আরুণিকে শস্যক্ষেত্রের আল বাঁধিতে আদেশ করেন। আরুণি তাঁহার আদেশে শস্যক্ষেত্রে গিয়া বহু চেষ্টা করিয়াও ক্ষেতের জল রক্ষা করিতে অসমর্থ হইল। পরিশেষে নিরুপায় হইয়া সেখানে নিজে শয়ন করিয়া জল রোধ করিল। এদিকে সন্ধাকালেও আরুণি আশ্রমে প্রত্যাবর্তন করিল না দেখিয়া গুরুদেব কৃপাপরবশ হইয়া তাহার সন্ধানে গিয়া দেখেন যে আরুণি ক্ষেতের আলের উপর শয়ন করিয়া জল রোধ করিতে প্রাণপণ চেষ্টা করিতেছে। গুরুর আদেশ প্রতিপালনে এইরূপ ঐকান্তিক নিষ্ঠা ও ক্লেশ বরণ দেখিয়া তিনি অত্যন্ত প্রসন্ন হইয়া তাহাকে সর্ব্বশাস্ত্রে পারদর্শী হইবার আশীর্ব্বাদ দান করেন।
অপর এক শিষ্য উপমন্যুকে গুরুদেব, গোরক্ষায় নিযুক্ত করেন। প্রথম প্রথম উপমন্যু ভিক্ষান্ন দ্বারা জীবন ধারণ করিত। গুরুদেব ভিক্ষান্ন তাঁহাকে সমর্পণ করিতে নির্দেশ দিলে উপমন্যু প্রথমবার ভিক্ষা করিয়া গুরুদেবকে দিতেন। দ্বিতীয়বার ভিক্ষা করিয়া নিজের আহার্য্য সংগ্রহ করিতেন। একদিনে পুনঃ পুনঃ ভিক্ষা করিলে গৃহস্থের ক্লেশ হইবে, এইজন্য গুরুদেব উপমন্যুর দ্বিতীয় বার ভিক্ষা নিষিদ্ধ করিলেন। তখন গোবৎসের দুগ্ধ পানের পর যেটুকু অবশিষ্ট থাকে, সেই দুগ্ধ পান করিয়া উপমন্যু জীবন-ধারণ করিতে থাকেন। গোবৎসের পুষ্টির হানি হইতে পারে বলিয়া গুরুদেব তাহার সেই দুগ্ধপানও নিষিদ্ধ করেন।
গুরুদেবের সকল আদেশ নির্বিচারে পালন করিয়া উপমন্যু গোচারণ করিতে থাকেন। একদিন ক্ষুধার্ত হইয়া অর্কপত্র (আকন্দ পাতা) ভক্ষণ করায় তিনি অন্ধ হইয়া একটি শুষ্ক কূপের মধ্যে পড়িয়া গেলেন। এদিকে সন্ধ্যাকালেও উপমন্যুকে প্রত্যাবর্তন করিতে না দেখিয়া গুরুদেব তাহার সন্ধানে গিয়া উচ্চৈঃস্বরে তাহাকে ডাকিতে থাকেন। উপমন্যু কূপের মধ্য হইতে উত্তর দিয়া বলিলেন আমি অন্ধ হইয়া কূপের মধ্যে পড়িয়া গিয়াছি। তখন গুরুদেবের আদেশে দেববৈদ্য অশ্বিনী কুমারদ্বয়ের আরাধনা করিয়া তিনি দৃষ্টিশক্তি ফিরিয়া পান। তাহার অত্যাশ্চর্য্য গুরুভক্তি ও গুরুনিষ্ঠা দেখিয়া ঋষি তাহাকে আশীর্ব্বাদ করিলেন সর্ব্ববিদ্যায় ও সর্ব্বশাস্ত্রে তোমার জ্ঞানলাভ হউক। এইভাবে উপমন্যুর পরীক্ষা শেষ হইল।
ঋষি আয়োদ-ধৌম্য তাঁহার তৃতীয় শিষ্য বেদকে স্বীয় সান্নিধ্যে রাখিয়া সেবা পূজায় নিযুক্ত করেন। বেদও দীর্ঘকাল গুরুগৃহে থাকিয়া একনিষ্ঠভাবে তাঁহার সেবা ও আদেশ পালন দ্বারা অভীষ্ট সর্ব্ববিদ্যা লাভ করেন।
মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বিরচিত মহাভারত